বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ঢাকায় তীব্র যানজটের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, গণমাধ্যমের তথ্যে তারা অবগত হয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিট থেকে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড় সমাবেশের পরিকল্পনা করেছে। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে।
দূতাবাসের বার্তায় বলা হয়, এ কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। সে কারণে ওই দিন ঢাকা শহর বা আশপাশের এলাকায় যাদের ভ্রমণের পরিকল্পনা আছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলাচল করার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের উদ্দেশে নির্দেশনায় বলা হয়, বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপোস্টে চাইলে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।
এর আগে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি তাকে সংবর্ধনা জানাতে বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের উদ্যোগ নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।