আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনাজপুর-০৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জেলা বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বখতিয়ার আহমেদ কচি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। বিএনপি সর্বোচ্চ ভোটে তাকে বিজয়ী করবে।’
তিনি আরও বলেন, ‘দিনাজপুরের সার্বিক উন্নয়ন যতটুকু হয়েছে, তা ইতোপূর্বে বিএনপির আমলেই। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে দিনাজপুরের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবে।’
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোর দিনাজপুরে কেটেছে। তবে তিনি কখনো এই জেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এর আগে দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বড় বোন, সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক।
এবার প্রথমবারের মতো দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় এ আসনের বিএনপি ও সহযোগী সংগঠন, নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দ ও উদ্দীপনায় ভাসছে।