ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা–কর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও অংশ নিয়েছেন।
পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময়েও কর্মসূচি চলমান ছিল।
শরিফ ওসমান বিন হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ করার পর আততায়ীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এরই অংশ হিসেবে আজ শাহবাগ মোড় অবরোধ করা হয়।
অবরোধে অংশ নেওয়া নেতা–কর্মীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দেন।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ‘এই অবরোধ চলছে, এই অবরোধ চলবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা যাব না।’
তিনি আরও বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল, তা অব্যাহত রয়েছে। ‘ওসমান হাদিকে সামনে রেখে এই লড়াই চলবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার সংগ্রাম অব্যাহত থাকবে।’