আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়ার পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মাসিক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে ২–৩টি মৃদু থেকে মাঝারি (৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১–২টি মাঝারি থেকে তীব্র (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন নদী অববাহিকাসহ কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে।
নদ-নদীর অবস্থার বিষয়ে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।
কৃষি আবহাওয়ায় জানানো হয়েছে, চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০–৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৫ ঘণ্টা ৫০ মিনিট পর্যন্ত থাকতে পারে।