ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আগামী তিন মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ডিসি মাসুদ আলম বলেন, তিন মাস পর এনইআইআর কার্যক্রম আবার কার্যকর করা হবে। এ সময় তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার হওয়া ১১ জনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিবাদ সত্ত্বেও এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গত বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে একদল লোক ভাঙচুর চালায়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা এনইআইআর কার্যক্রম বন্ধ, পুরোনো বা ব্যবহৃত মোবাইল ফোন আমদানির অনুমতি, ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেন।