নবম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক সদস্য জানান, বেতনের অনুপাত নির্ধারণে তিনটি প্রস্তাব—১:৮, ১:১০ ও ১:১২—নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১:৮ অনুপাতকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
১:৮ অনুপাত কী?
জাতীয় বেতন কমিশনে মতামতের ১১ নন্বর প্রশ্ন ‘প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত?’—নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রশ্নের উত্তরের জন্য ‘১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য’ অপশন রাখা হয়েছে। এই অনুপাতের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন সরকারি কর্মজীবীর বেতন যদি এক টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা।
আরো পরিষ্কারভাবে বললে, ১০০ টাকা বেতন ধরে ১:৮ অনুপাতে সর্বনিম্ন (২০তম) গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা।
টিবিএফ/