বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ এসব বিদেশি মিশনের প্রেস উইংয়ে কর্মরত চার কর্মকর্তাকে তাদের তৎকালীন পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে, ১৩ এপ্রিল জারি করা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সিদ্ধান্ত বাতিল করা হয় এবং সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে ওইসব মিশনে নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে।
সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করা আবশ্যক। সে অনুযায়ী নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।