সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন হাতে পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, পে স্কেল নিয়ে কাজ করতে একটি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে। কমিটি তাদের সুপারিশ জমা দিলে সরকার তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।
পরিদর্শনকালে অর্থ উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার এই বক্তব্যে আপাতত অপেক্ষার বার্তাই স্পষ্ট করেছে সরকার।