ফেনী বিএনপি নেতাদের আশাবাদ
ফেনীর মাটি ও মানুষের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনী। তিনি যেভাবে ফেনীকে উন্নয়নের মডেলে রূপান্তর করেছিলেন, তার যোগ্য উত্তরসূরি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানও নানার বাড়ীর এই জনপদের উন্নয়নে বিশেষ নজর দেবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ফেনী জেলা বিএনপির শীর্ষ নেতারা।
আজ রবিবার(২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত তারেক রহমানের জনসভায় বিএনপি নেতৃবৃন্দ জেলার উন্নয়নে তারেক রহমানের সহযোগীতা চাইবেন।
বিএনপি সুত্রে জানা যায়, ফেনী সব সময়ই ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়ার শাসনামলে ফেনীতে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে যে যুগান্তকারী উন্নয়ন হয়েছিল আবারো যদি বিএনপি সরকার গঠন করে তাহলে জেলার উন্নয়ন আরো যাতে তরান্বিত হয় এ বিষয়টি তারেক রহমানকে জানানো হবে।
বেগম খালেদা জিয়া ফেনীকে নিজের ঘরের মতো আগলে রেখেছিলেন। তারেক রহমানও এই জনপদকে অত্যন্ত গুরুত্ব দিবেন বলে বিশ্বাস বিএনপি নেতাদের। আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ফেনীর হারানো গৌরব পুনরুদ্ধার করবেন। বেকারদের কর্মসংস্থান এবং বিসিক শিল্প নগরীসহ বন্ধ হয়ে যাওয়া কলকারখানা সচল করতে তারেক রহমানের ভিশন ২০৩০-এর আলোকে বিশেষ পরিকল্পনা নিবেন বলে আশাবাদী তারা। ফেনী শুধু একটি জেলা নয়, এটি জিয়া পরিবারের আবেগের জায়গা। তাই আধুনিক ও সমৃদ্ধ ফেনী গড়তে তারেক রহমানই ভরসা। এ বিষয়টি আজকের জনসভায় উপস্থাপন করবেন বিএনপি নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর ফাজিলপুরের বাসিন্দা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব জানান, ফেনীর মানুষের প্রধান সমস্যা বন্যা ও বেকারত্ব। এ অঞ্চলকে বন্যামুক্ত করতে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও মুছাপুর ক্লাজার দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী। এ ছাড়া জেলার দক্ষিণাঞ্চলে একটি সমুদ্র বন্দর নির্মান ও চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করলে বেকার সমস্যা দুর হবে। এ ছাড়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফেনী সদর হাসপাতালকে পূর্নাঙ্গ মেডিকেল কলেজ বা ৫০০ শর্যায় উন্নতি করন করা একটি জনদাবি। আশাকরছি বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান ফেনীর উন্নয়নে একটি রোডম্যাপ ঘোষণা করবেন।
ফেনী-১ আসনে বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক রফিকুল আলম মজনু জানান, প্রিয় নেতা তারেক রহমানকে ফেনীর নানাবিধ সমস্যা সম্পর্কে জানানো হবে। আশাকরছি তিনি ফেনীবাসীকে নিরাশ করবেন না।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, আমরা আমাদের নেতার কাছে ফেনীর মহুয়া কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও মুছাপুর ক্লোজার দ্রুত নির্মানের দাবি জানাবো। এ ছাড়া দল ক্ষমতায় এলে ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুরোধ জানাবো। আশা করছি বেগম জিয়া যেভাবে ফেনীর উন্নয়নে কাজ করে গেছেন তার যোগ্য উত্তরসুরী তারেক রহমান ও মায়ের মত ফেনীর উন্নয়নে সুনজর দিবেন।
ফেনীর সাধারণ মানুষের প্রত্যাশা দেশের বিভিন্ন জেলা থেকে নানা ক্ষেত্রে অবহেলিত ফেনীবাসী। তাই আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এ জেলা নিয়ে বিএনপির পরিকল্পনা ও ভিশন জানা জরুরি। তাই আজ এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মুখ থেকে উন্নয়ন পরিকল্পনা শুনতে উদ্রগীব হয়ে আছে জেলার মানুষ।