নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে এবং এবারের নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজ-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে সে ধরনের মানসিকতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। কমিশনের স্পষ্ট অবস্থান হলো—নির্বাচনের প্রতিকূলে যায় এমন কোনো আন্দোলনের বিপক্ষে তারা। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নির্বাচন কমিশনার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেছেন। কমিশনের আহ্বানে পোস্টার অপসারণ ও সফর বাতিলের ঘটনাও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বক্তব্য ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল। তবে সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনতে বলা হয়েছে।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।