ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান। এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
মার্কিন দূতাবাসও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশে সফল নির্বাচন আয়োজনের জন্য জনগণকে অভিনন্দন। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব ও পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়েছে।’
চীনা দূতাবাস এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুও নির্বাচনের সফলতা এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে।