মন্ত্রিপরিষদ সচিব ডা. শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ আব্দুর রশীদের নিয়োগের বাকি সময় বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ছয় দিনের মাথায়, ২০২৪ সালের ১৩ আগস্ট, তাঁকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর চেয়ারম্যান করা হয়। চার দিন পর ১৭ আগস্ট তাঁকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে এনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১৪ অক্টোবর তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান।