চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত বৈঠকে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন বলে জানা গেছে।
সকালের বৈঠকে চূড়ান্ত কিছু না জানালেও পরে পদত্যাগপত্র পাঠানো হয়। বিষয়টি পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
গত জানুয়ারিতে তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ দেওয়া হয়। তাঁর মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।
এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।