ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থী ২৯০টি আসনে অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬ শতাংশ ভোট পায়। তাদের প্রার্থী ছিল ২২৭টি আসনে।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে প্রার্থী দিয়ে ৩.০৫ শতাংশ ভোট পায়। এনসিপি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে যুক্ত হয়ে নির্বাচন করেছে।
আজ রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার সাংবাদিকদের জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পার্টি (জাপা) ১৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল এবং লাঙ্গল প্রতীকে ০.৮৯ শতাংশ ভোট পায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে প্রার্থী দিয়ে হাতপাখা প্রতীকে ২.৭০ শতাংশ ভোট পায়।
১১-দলীয় ঐক্যের অংশ বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে প্রার্থী দিয়ে রিকশা প্রতীকে ২.০৯ শতাংশ ভোট পায়।
শুধু এইসব দলের বাইরে বাকি রাজনৈতিক দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে। এর মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য।