মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি রাজধানীর আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। বিরোধীদলীয় নেতার এই কর্মসূচিও সেই আয়োজনেরই একটি অংশ।