সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানান।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় একাধিক বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সবাইকে এই ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনা হবে। মন্ত্রী হওয়ার পর নিজ জেলায় এটিই ছিল তার প্রথম সফর।
আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সরকারের অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে মন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এখন সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে খাল খনন ও সংস্কার কাজ পরিচালনা করছে।
পরিবেশ রক্ষায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগগুলো প্রশাসনিক ও সামাজিক স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।