চলতি বছরের (১৪৪৭ হিজরি) সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।
ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটির বাজারমূল্যের ভিত্তিতে ফিতরা আদায় করা যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য ৫৯৫ টাকা, খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৪৭৫ টাকা, কিশমিশের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৬৪০ টাকা এবং পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের খুচরা বাজারমূল্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামের তারতম্য থাকায় স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে। মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যগুলোর যেকোনো একটি বা সমপরিমাণ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা মাহফুজুল হকসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।