বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে রেজাউল করিম বাদশাকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে দলীয় কার্যালয় থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে গত ১৬ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে রেজাউল করিম বাদশাকে প্রার্থী করার তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। অন্যদিকে ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।