দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য স্পষ্ট করে জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং এটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের ভিত মজবুত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর।’
নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় এসে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। তাঁদের অকুণ্ঠ সমর্থনের কারণেই আজ আমি দেশের সেবা ও উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি।’ ভবিষ্যতেও এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
স্থানীয়দের অর্থায়নে নির্মিতব্য ওই মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।