ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রবণতা দেখা যাওয়ায় তা মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে কোস্টাল এলাকার আদলে ঢাকাকেন্দ্রিক ভলানটিয়ার নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে খেলার মাঠ ও খোলা স্থানগুলো চিহ্নিত করে জরুরি পরিস্থিতিতে আশ্রয় ও ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ত্রাণমন্ত্রী আরও জানান, ভূমিকম্প ঝুঁকি কমাতে কঠোরভাবে বিল্ডিং কোড বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আহ্বানের পরামর্শও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।