সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক কর্মকর্তা অফিসে আসার পথে ব্যক্তিগত বা বিভিন্ন দাপ্তরিক কাজ ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। এই পরিস্থিতি এড়াতে দাপ্তরিক কর্মসূচি এমনভাবে প্রণয়ন করতে বলা হয়েছে যেন সকালের এই ৪০ মিনিট সময় বিঘ্নিত না হয়।
তবে জরুরি সেবায় নিয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারের রোস্টার ডিউটির কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা বড় কোনো দুর্ঘটনা মোকাবিলার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে।
পরিপত্রে আরও কঠোরভাবে জানানো হয়েছে যে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা নির্দিষ্ট দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। উল্লেখ্য, এর আগে ২০১৯ এবং ২০২১ সালেও একই বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।