দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। তিনি জানান, এ বিষয়ে দ্রুতই পেট্রোল পাম্পগুলোতে লিখিত নির্দেশনা পাঠানো হবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশেও সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও এদিন রাজধানীর বিভিন্ন পাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পাম্পগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখে মন্ত্রী তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানান। পাম্প মালিক ও কর্মচারীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘তেল আমাদের আছে, কিন্তু যুদ্ধের কারণে আমাদের মজুদ ধরে রাখতে হচ্ছে। তাই সবাইকে বুঝিয়ে বলুন যেন অস্থির না হয়।’
রেশনিং পদ্ধতির আওতায় এখন থেকে একটি প্রাইভেট কারের জন্য সর্বোচ্চ ২ হাজার টাকার তেল দেওয়া হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে ৫০০ টাকার তেল দেওয়ার বর্তমান সিদ্ধান্তকেও মন্ত্রী সঠিক বলে অভিহিত করেন। পাম্প পরিদর্শনের সময় মন্ত্রী আরও বলেন, ‘সংসারে চালের মজুদ কম থাকলে যেমন সাশ্রয় করে চলতে হয়, দেশের জ্বালানির ক্ষেত্রেও এখন আমাদের সেই কৌশল নিতে হচ্ছে।’