ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে কোনো গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (১১ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব জানান, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। তিনি ব্যাখ্যা করেন যে, বগুড়া-৬ আসনের ক্ষেত্রে আগে গণভোট নেওয়া হলেও শেরপুর-৩ আসনে গণভোটের ফলাফল মূল নির্বাচনের ফলে কোনো প্রভাব ফেলবে না। এ কারণে এবার শেরপুর-৩ আসনে গণভোটের বিষয়টি রাখা হয়নি।
নির্বাচনী নিরাপত্তার বিষয়ে সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে যে নিরাপত্তা পরিকল্পনা ছিল, উপনির্বাচনেও সেটি অনুসরণ করা হবে। তবে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। বিশেষ করে কেন্দ্রে কেন্দ্রে ‘বডি-ওর্ন ক্যামেরা’ এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর ব্যবহার বৃদ্ধি পাবে। রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী একটি কেন্দ্রে একাধিক বডি-ওর্ন ক্যামেরা মোতায়েন করা হতে পারে।
নির্বাচন আয়োজনে আনসার বাহিনী আট দিনের জন্য মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা তাঁদের নির্ধারিত সূচি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনি তদন্ত কমিটি মাঠে কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সময়সীমা শেষ হয়েছে এবং কোনো আপিল জমা পড়েনি বলে জানান সচিব। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, এই উপনির্বাচনেও প্রবাসী ভোটারদের জন্য ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।