রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই জরুরি অস্ত্রোপচার করা হয়। সিটিস্ক্যান রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, সকালে সিটিস্ক্যান করার পর অবস্থার অবনতি লক্ষ করা যায়। এরপর একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড সব কিছু পর্যালোচনা করে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা অনুভব করে। পরিবারের সদস্যদের পূর্ণ সম্মতির ভিত্তিতেই বিকেলে এই বিশেষ চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এই মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক রাজিউল হকসহ একটি বিশেষজ্ঞ দল মির্জা আব্বাসের চিকিৎসার তদারকি করছেন। এছাড়াও অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলাম এই বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন।
অস্ত্রোপচার পরবর্তী সময়ে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই শারীরিক জটিলতা দেখা দেওয়ায় এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়।