রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে।
শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ও জটিলতা দেখা দেওয়ায় শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। এর আগে এদিন বিকেলে তাঁর প্রথম দফার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় দফার এই অস্ত্রোপচার প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ৩টায় মির্জা আব্বাসের প্রথম অস্ত্রোপচার শুরু হয়, যা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। তবে প্রথম অস্ত্রোপচার শেষ হওয়ার পরপরই কিছু শারীরিক জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে পুনরায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে দ্বিতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্বিতীয় দফার অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার জন্য ইতিমধ্যেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস।
এর আগে শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। এর পরপরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন ধরে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা গেছে।