জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনার টেবিলে আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশনের সময়কাল, আলোচ্যসূচি, নতুন আইন উত্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময়সীমা নির্ধারণসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলবে বলে তিনি নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। কমিটি এসব অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন তৈরি করবে, যা পরবর্তীতে আইন হিসেবে পাসের লক্ষ্যে সংসদে উত্থাপন করা হবে।
একই সাথে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের প্রস্তাবটি সংসদের ফ্লোরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।