প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
মির্জা আব্বাসের সাথে সিঙ্গাপুরে যাবেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ইতিবাচক এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১২ মার্চ), যখন ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান করানোর পর চিকিৎসকদের একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। গত শুক্রবার দুপুরে তিনি নিজেই এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।