দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রশাসকরা। শনিবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় প্রধানমন্ত্রী নতুন প্রশাসকদের অভিনন্দন জানান এবং জনস্বার্থে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
আজ সকালে স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন:
বরিশাল সিটি করপোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান রিটন।
ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রোকনুজ্জামান রোকন।
রংপুর সিটি করপোরেশন: মাহমুদ উন নবী চৌধুরী ডন।
কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা টিপু।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই পাঁচজন প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ আরও ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় আজ এই অবশিষ্ট পাঁচটি সিটিতে নতুন মুখ পদায়ন করা হলো।