উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সিঙ্গাপুরে পৌঁছানোর পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এর আগে আজ বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা শুরু হয় এবং গত শুক্রবার তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ ও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।