ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে মামলাটি সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত করছে। আসামিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে ভারতীয় পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এরপর চার দিনের রিমান্ড শেষে আজ রোববার তাদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়। আদালতে যাওয়ার সময় ফয়সাল গণমাধ্যমের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এবং হাদি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেন। তিনি হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ হিসেবে আখ্যায়িত করে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দীর্ঘ ছয় দিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই মূল অভিযুক্তরা পলাতক ছিল। বর্তমানে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) আগ্রহ প্রকাশ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।