দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ২৬ জনের প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের জনস্বার্থে এই নোটিশটি পাঠান। নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আইনজীবীরা উল্লেখ করেছেন যে, আপাতদৃষ্টিতে এটি দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। এতে নিহতদের পরিবারের ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা ও কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, অন্যথায় উচ্চ আদালতে রিটসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে নোটিশে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানিয়েছেন, সময়ের স্বল্পতার কারণে আপাতত ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসে এটি ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। উল্লেখ্য, বুধবার বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি দৌলতদিয়া ৩ নম্বর পন্টুন থেকে নদীতে পড়ে গেলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।