স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় গত শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিতে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই প্রজ্ঞাপনে শর্ত দেওয়া হয়েছিল যে, তাকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে এই দায়িত্ব পালন করতে হবে।
আব্দুর রশীদ মিয়া এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকাকালীন অবসরে গিয়েছিলেন। তবে তাকে নতুন করে চুক্তিতে নিয়োগ দেওয়ার পর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হওয়ার অভিযোগও তার বিরুদ্ধে ছিল। এসব সমালোচনার পরিপ্রেক্ষিতে নিয়োগের চার দিনের মাথায় সরকার তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশটি বাতিল করল।