প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ছয়টি পৃথক প্রজ্ঞাপনে দুই সচিবকে প্রত্যাহার, একজনের প্রত্যাহার আদেশ বাতিল এবং নতুন দুই মন্ত্রণালয়ে সচিব নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল; তবে আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কানিজ মওলা। এর আগে তিনি সংসদ সচিবালয়ে দায়িত্বরত ছিলেন এবং গত ২৫ মার্চ তাকে আইএমইডি সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
এছাড়া গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পাওয়া জাকারিয়াকে পুনরায় পদায়ন করা হয়েছে। তাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।