মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং ঘরে বসে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়গুলোও সক্রিয় বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে অন্তত আটটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা কিংবা কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
একই দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বিদ্যুৎ সাশ্রয়ে দেশের স্কুল-কলেজগুলো সপ্তাহে ৬ দিন খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের পক্ষে প্রায় ৫৫ শতাংশ মানুষ মত দিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই পদক্ষেপগুলোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর কোন কোন নির্দেশনা কার্যকর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ইতিমধ্যে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যুৎ সাশ্রয়ে ১১ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার সাশ্রয়ী নীতি অনুসরণ করে সংকট মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।