কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে—এমন বক্তব্যের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশের দাবিতে জামায়াত নেতা ও সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া জেলা বারের আইনজীবী আব্দুল মজিদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম-পরিচয় প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের একটি ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের বিষয়ে তিন দিনে প্রায় ৫০ কোটি টাকার বেশি ঘুষের প্রস্তাব পেয়েছেন। তবে তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেও জানান।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশের দাবি জানান।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই আইনের চোখে সমান অপরাধী। তাই প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা কিংবা তাদের আইনের আওতায় না আনা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল।
এ বিষয়ে ছাত্রদল নেতা হৃদয় হাসান বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জনগণ উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, এর পেছনে কারা জড়িত তা জানতেই এই উদ্যোগ।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা যদি সত্যিই এমন প্রস্তাব পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের নাম জনসম্মুখে প্রকাশ করা উচিত।
তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আমির হামজার কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তি জানান, লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।