রাজশাহীতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুদের অধিকাংশের বাড়ি পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর থেকে আজ রবিবার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় ও সাত মাস বয়সী দুই শিশু মারা গেছে। বর্তমানে হাসপাতালে ১২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৪ জন। তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা ৩৯১ জন, যার মধ্যে এ পর্যন্ত মোট ৪০ জন শিশু প্রাণ হারিয়েছে। তবে উন্নত চিকিৎসা শেষে এ পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
অন্যদিকে, নগরীর বেসরকারি সিডিএম হাসপাতালেও শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালটির জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, সেখানে শনিবার দিবাগত রাতে দুইজন এবং আজ রবিবার সকালে একজন শিশু মারা যায়। মৃতদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।
রাজশাহী অঞ্চলে হামের এই প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও অভিভাবকদের মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।