মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি জাহাজ চলাচলের সংকট। ইরান সরকারের পারাপারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে।
বিএসসি সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। টানা ৪০ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার সকালে জাহাজটি প্রণালির প্রবেশমুখে পৌঁছায়। সেখানে তেহরানের কাছে আন্তর্জাতিক জলসীমা পারাপারের অনুমতি চাওয়া হলে ইরান সরকার তা প্রত্যাখ্যান করে। উদ্ভূত পরিস্থিতিতে বিএসসি কর্তৃপক্ষ জাহাজটিকে নিরাপদে শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই তথ্য নিশ্চিত করে জানান, ইরানের নির্দেশনা মেনে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। তবে কূটনৈতিকভাবে পারাপারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেটিকে শারজায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়ে বিএসসি জানিয়েছে, নাবিকদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। জাহাজে দৈনিক ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের ব্যবস্থা থাকলেও ইঞ্জিনের কার্যকারিতা বজায় রাখতে বর্তমানে রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং মূল বেতনের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল ‘বাংলার জয়যাত্রা’। কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি জাহাজটি জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিন থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েত যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।