সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের ক্ষেত্রে হামের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি আটজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। গত এক দিনে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১১০৫ শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে আরও ১৭৬ জনের শরীরে। সব মিলিয়ে বর্তমানে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩১টি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ জন। অর্থাৎ এই এক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৯৫ জন প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ২৩১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এখন পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার এবং কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।