দেশের চা শিল্পের উন্নয়ন ও টেকসই বিকাশে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, চা শিল্পের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সরকারের সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
সভায় বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করেন তারা।