রাশেদ খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসতে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে।
আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান।
৬ দফা দাবিতে লং মার্চ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। লং মার্চে দেওয়া এক বক্তব্যে দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন বলে দাবি করেছেন রাশেদ খান।
তিনি বলেন, ‘আজ জামায়াতের আমির বলেছেন, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনে নামবেন।
আর শেখ হাসিনা বলে রেখেছে, ডিসেম্বরে দেশে ফিরবে। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন পোস্ট করেছে- NO GAS, NO BILL, NO Service, NO TAX এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা হুবহু একই পোস্ট করেছে।’
রাশেদ খান বলেন, ‘এই মুহূর্তে আওয়ামী লীগ জামায়াতের সব দাবির প্রতি সংহতি জানাচ্ছে। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীলরাও জামায়াতের দাবিকে সাধুবাদ জানাচ্ছে।
যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করতে পারবে না। সেক্ষেত্রে জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসতে চেষ্টা করছে।’
আজ জামায়াতের আমিরের বক্তব্যে বিষয়টি আরো স্পষ্ট হলো বলে মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, ‘এই মুহূর্তে ক্ষমতা সবচেয়ে বড় শত্রু। আর সেই সূত্রে জামায়াত-আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ জানে জামায়াত কখনো ক্ষমতায় বসতে পারবে না। কিন্তু তাদের দিয়ে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। আর সেই বিশৃঙ্খলা সৃষ্টির নিমিত্তেই জামায়াতের এই লং মার্চ।’