বিজয় দিবসের আগেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তির অপতৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, এ বাস্তবতায় এবারের বিজয় উৎসব পালিত হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, ‘আমি ক্ষোভের সঙ্গে লক্ষ করছি, পঁচিশের বিজয় দিবসের আগেই আমাদের একাত্তরের ঘাতক চক্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অপতৎপরতা শুরু করেছে। সেই কারণেই এবারের বিজয় দিবস আমাদের পালন করতে হচ্ছে এই ঘাতকদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের অঙ্গীকার নিয়ে।’
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা দেশ গঠনে ব্যর্থ হওয়ায় আজ মুক্তিযুদ্ধের ঘাতকসহ নানা প্রতিক্রিয়াশীল শক্তি নতুন করে সুযোগ পাচ্ছে। তার ভাষায়, ‘এই বাস্তবতায় আমরা মনে করি, ঘাতকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরাম চলবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বিকল্প রাজনৈতিক সমাবেশ গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই।’
জাতীয় ঐক্যের প্রচলিত বক্তব্যের সমালোচনা করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘এই ধরনের জাতীয় দিবসে আমরা প্রায়ই বলি, সবাই মিলে ঐক্যবদ্ধ হলেই সব সমস্যার সমাধান হবে। আমার বিবেচনায় এই কথাটি যথাযথ নয়। শ্রেণিবিভক্ত সমাজে সবাই একসঙ্গে হলেও সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক থাকে না। বাস্তবে দেখা যায়, জনস্বার্থবিরোধী শক্তিরাই বেশি ঐক্যবদ্ধ হয় এবং তখন তারাই জনস্বার্থবিরোধী অবস্থান ঘোষণা করতে পারে।’
তিনি বলেন, ‘এই কারণে আজ সময় এসেছে জনস্বার্থের পক্ষে থাকা রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের ঐক্য গড়ে তোলার। বামপন্থীরা সেই লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই অঙ্গীকার নিয়েই এবার আমরা বিজয় দিবস পালন করছি।’