ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শিগগিরই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জামায়াত সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মহাসমাবেশ সফল করতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে একাধিক উপ-কমিটিও করা হয়েছে। সমাবেশ ঘিরে কমিটিগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে। জেলা ও উপজেলা পর্যায় থেকেও ঢাকায় নেতা-কর্মী আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকায় বড় জমায়েত করার বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। এ নিয়ে আলোচনা চলছে।’
দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানিয়েছেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই মহাসমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থকের সমাগম ঘটানোর লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।