ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র নেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগরীর নেতারা।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।