দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে সময় কাটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গুলশানের বাসায় ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বাসটি হাসপাতালের প্রধান ফটকের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন। মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে সন্ধ্যার পর তিনি হাসপাতাল ছাড়েন।
এর আগে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু যে মানুষটি আপনাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন—অর্থাৎ আপনারা—এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যারা আমাকে দেখছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাতে আজ এখানে দাঁড়িয়েছি।’
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বলয় অতিক্রম করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন তারা, যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন করেন। এরপর ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন তার শাশুড়ি। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে আবার যাত্রা করে বিমানটি।