জামায়াতে ইসলামীর আগামী ৩ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দলটি।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৩ জানুয়ারি দেশের নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে একই দিনে নির্ধারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল। প্রথমে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের স্থান নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান ঠিক করা হয়।