নির্বাচন কমিশনে আপিল করে বগুড়া–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করায় আসনটিতে তাঁর নির্বাচন করার বাধা কেটে গেল।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করা হয়। এতে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে তাঁর মনোনয়নপত্র বৈধতা পায়। শুনানি শেষে তাঁর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বাছাই পর্বে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বগুড়া–২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
আপিলের রায় ঘোষণার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করেছেন। তাঁর বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। তাঁর মতে, জেলা প্রশাসক পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই শ্রেয় মনে করেছেন। না হলে মনোনয়ন বাতিলের কোনো যুক্তিসংগত কারণ ছিল না।
এ সময় নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডাকসুর সাবেক দুবারের ভিপি ও আওয়ামী লীগের একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না অতীতে একাধিকবার নির্বাচনে অংশ নিলেও সংসদে যেতে পারেননি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন। মিত্রদলের প্রার্থী হিসেবে বগুড়া–২ আসনটি তাঁর জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া–২ আসনের পাশাপাশি ঢাকা–১৮ আসনেও মনোনয়নপত্র জমা দেন মাহমুদুর রহমান মান্না। ঢাকা–১৮ আসনে তাঁর মনোনয়নপত্র আগেই বৈধ ঘোষণা করা হয়েছে।