ভোটের নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ঢাকা–১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রিটার্নিং কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন প্রশাসন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা–১৩ আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ নম্বর ঢাকা–১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তাঁর অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নির্বাচন কর্তৃপক্ষের নজরে আসে।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো নোটিশে বলা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে ১২ ফেব্রুয়ারি, সেহেতু ১৩ জানুয়ারি প্রচারণা চালানো বিধিমালার বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এই অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। নির্ধারিত সময়ের আগে প্রচারণার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।’
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য।