ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ। রোববার আগারগাঁও নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
এর আগে সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হন। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়। আইনজীবী জানান, প্রিমিয়ার লিজিংয়ের সরোয়ার আলমগীরের কাছে পাওনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। ৫টি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ দুইশ ১৪ কোটি ৪৩ লাখ টাকা।