বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু-র প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক-এর করা ওই আপিল খারিজ হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকল।
রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর ফলে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তাঁর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকছে না।
এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। আপিল আবেদনে বলা হয়, আবদুল আউয়াল মিন্টুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, যা তিনি হলফনামায় গোপন করেছেন। যদিও হলফনামায় মিন্টু দাবি করেন, তিনি ৯ ডিসেম্বর তাঁর মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, তবে এর পক্ষে কোনো নথি দাখিল করা হয়নি।
আপিল আবেদনে আরও উল্লেখ করা হয়, আবদুল আউয়াল মিন্টু ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ডে যান এবং ১৫ ডিসেম্বর একই পাসপোর্টে দেশে ফেরেন। আবেদনকারীর দাবি, ৯ ডিসেম্বর নাগরিকত্ব প্রত্যাহার করা হয়ে থাকলে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে যাতায়াত সম্ভব ছিল না।
এ ছাড়া হলফনামায় তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্য গোপন করার অভিযোগও তোলা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এসব কারণে প্রার্থিতা বাতিলযোগ্য হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে আপিল শুনানিতে এসব অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। ফলে নির্বাচন কমিশন মিন্টুর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।