ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সঠিক পরিকল্পনা থাকলে নগরবাসীসহ দেশের মানুষের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, নগরবাসী ও ভোটারদের সমস্যা অনেক হলেও পরিকল্পিত উদ্যোগে সেগুলোর সমাধান করা যায়। তাঁর ভাষায়, ‘আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময় এসেছে। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠাই দলের লক্ষ্য। ‘শোষণের আগে অধিকার’—এই নীতিতে বিশ্বাস করে বিএনপি।
ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চায় যেখানে নেতার আগে জনতা। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অংশগ্রহণকারীরা সময় দিয়ে এসে দলের বক্তব্য শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। সামর্থ্য অনুযায়ী এসব বিষয় আরও শোনা ও জানার আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কীভাবে সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়া যায়—সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।